ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে (২৪) নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন অমিত হাসান নামের এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার রাতে শহরের শিমরাইল কান্দি ব্রিজে এ ঘটনা ঘটে।
সেতু এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া অমিত হাসান ঘটনার পরপরই নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে মেয়েটিকে উদ্ধার করে নৌকার সাহায্যে পাড়ে আনেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, পারিবারিক কলহ ও স্বামীর ওপর অভিমান করে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সুস্থ হওয়ার পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কনস্টেবলের এই বীরত্বপূর্ণ কাজ সর্বত্র প্রশংসিত হচ্ছে।
Leave a Reply